তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার আতোয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রেজাউল করিম। পরে স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও নিখোঁজ যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন জানান, দুপুর ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও রেজাউলের সন্ধান না পাওয়ায় আপাতত উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
এদিকে নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমিয়েছে।