খাগড়াছড়ির পাহাড়ে মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু, হাজারো পূর্ণার্থীর ঢল
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির পাহাড়ে ঐতিহ্যবাহী মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু হয়েছে। মেলাকে ঘিরে শুরু থেকেই হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে, মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
সোমবার মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকার মাতাই পুখিরিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়। এরপর ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গারোয়া নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. আল-জাবির আসিফ বলেন, তীর্থ মেলা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং তা সংরক্ষণে উদ্বুদ্ধ হয়।
তিনি আরও জানান, মেলাকে কেন্দ্র করে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিতলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. আহসান, তীর্থ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেন্দ্র লাল, প্রবীণ ধর্মীয় গুরু বীরপক্ক্য ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।