কুষ্টিয়ায় ‘পীর’ হত্যার ৫৫ ঘণ্টা পর থানায় মামলা
প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর হিসেবে পরিচয়দানকারী আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রায় ৫৫ ঘণ্টা পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ মামলা করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় চারজন এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শামীমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যাপারে অনীহা প্রকাশ করা হচ্ছিল।
তার পরিবার জানিয়েছিল মামলা করলে নতুন ঝামেলা তৈরি হবে। সে কারণে তারা মামলা করতে চান না।
ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েক শ মানুষের সংঘবদ্ধ আক্রমণে নিহত হন শামীম। আস্তানায় দফায় দফায় হামলা ভাঙচুর এবং আগুন লাগানো হয়।
এ ছাড়া সেখান থেকে মূল্যবান সম্পদ লুটের অভিযোগ উঠে।
প্রসঙ্গত, গত শনিবার ফিলিপনগর এলাকায় কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক দরবার শরিফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় মারধর করা হয় নিজেকে পীর হিসেবে দাবি করা শামীম রেজাকে।
মারধরের শিকার হন দুই অনুসারীও।
স্থানীয়দের অভিযোগ, গত ৫-৬ বছর ধরে শামীম ইসলামের নাম ব্যবহার করে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও গান-বাজনা করে মরদেহ দাফন করাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন।