টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের আগে নাফনদ তীরে স্থাপিত স্থলবন্দর পরিদর্শনে যান তিনি। 

এসময় স্বরাষ্ট্র্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্থলবন্দরের ব্যবস্থাপক (জিএম) জসিম উদ্দিন চৌধুরীসহ বন্দর ব্যবস্থাপনায় জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা। স্বরাষ্ট্রমন্ত্রী নাফনদ তীরের বন্দর জেটিসহ বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এরপর বন্দরের ব্যবস্থাপক মন্ত্রীকে মায়ানমার-বাংলাদেশ সীমান্তের বাণিজ্যসহ বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের এমপি শাহাজাহন চৌধুরী, কক্সবাজার-৩ কক্সবাজার সদর, রামু ও ঈদগাহ সংসদীয় আসনের এমপি লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওমর ফারুক সিআইপিসহ অন্যরা।

টেকনাফ স্থলবন্দর নিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এমপি শাহজাহান চৌধুরী কালের কণ্ঠকে বলেন—‘মায়ানমার-বাংলাদেশ সীমান্তের অবৈধ চোরাই পণ্য পাচারের কারবারকে নিরুৎসাহিত করতে উদ্যোগ নিয়েছিলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ১৯৯৫ সালে দুদেশের মধ্যে দ্বৈত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্থল বন্দরের মাধ্যমে সীমান্ত বাণিজ্য চালু করে।

’ 

তিনি জানান, বর্তমান সরকার একটি ব্যবসা বান্ধব সরকার। সরকার টেকনাফ স্থল বন্দর চালুর জন্য বদ্ধপরিকর ছিল। স্থানীয় আমদানি-রপ্তানিকারকদের দেশপ্রেমে উজ্জিবীত হয়ে যে কোনোভাবে চোরাচালানকে নিরুৎসাহিত করার তাগিদ নিয়ে বৈধ ব্যবসায় নিয়োজিত হবার পরামর্শ দেন।