বিশ্বনাথে অবৈধ মজুত ১২০ লিটার পেট্রোল জব্দ
ফাইল ছবি
সিলেটের বিশ্বনাথে অবৈধভাবে মজুত রাখা ১২০ লিটার পেট্রোল জব্দ করেছে থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রাম থেকে এসব পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে ইলিমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মাহবুব আহমদ ও দবির মিয়ার ছেলে রাহীম মিয়া নিজ বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত করছিলেন।
এ সময় রাহীমের চাচাতো ভাই নাঈম বিষয়টি ভিডিও ধারণ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
হট্টগোল শুনে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে একাধিক ড্রামে পেট্রোল মজুত দেখতে পান। পরে তারা সেগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ সদস্য শেখ ফজর রহমানের জিম্মায় রাখেন।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ শেখ ফজর রহমানের বাড়ি থেকে পেট্রোলভর্তি পাঁচটি ড্রাম উদ্ধার করে।
এ ঘটনায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ঘোষ বাদী হয়ে মাহবুব ও রাহীমসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন।
ইউনিয়ন পরিষদ সদস্য শেখ ফজর রহমান জানান, এলাকাবাসী পেট্রোলগুলো তার জিম্মায় রেখেছিলেন, পরে তার মাধ্যমে পুলিশকে হস্তান্তর করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, অবৈধভাবে মজুত রাখা ১২০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।
তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।