‘আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী’
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন। তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই আরেকটি প্রমাণ মিলেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এর আগে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই তাদের কাছে পৌঁছে যাবে। যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। এই সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা।
এহছানুল হক মিলন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ১০টি সুবিধা মিলবে। কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কম দামে যন্ত্রপাতি, সরকারি প্রণোদনা, আবহাওয়ার তথ্য, প্রশিক্ষণ, রোগ দমনের পরামর্শ, বীমা সুবিধা এবং ন্যায্য দামে পণ্য বিক্রির সুযোগ পাবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্যমন্ত্রী।
জানা গেছে, আজ দেশের ১৪টি উপজেলায় ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডের তিন হাজার ১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষক কার্ডের সঙ্গে কৃষকদের হাতে একটি করে গাছের চারাও তুলে দেওয়া হয়।