পাবনায় নানা আয়োজনে নতুন বছরকে বরণ
সংগৃহীত ছবি
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’ এই আহ্বান জানিয়ে পাবনাবাসী উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে। মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।
সকাল ৯টায় পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ঢাক-ঢোলের তালে তালে আর আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের প্রতীকে সাজানো এই শোভাযাত্রায় অংশ নেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শত শত মানুষ। বর্ণিল সাজে অংশগ্রহণকারীদের পদচারণায় শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসন ও বিসিক শিল্প নগরীর যৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা পরিষদ প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, বিসিক পাবনার উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শামীম হোসেন ও শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল।
পরে মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান ও নাচ অনুষ্ঠিত হয়।