ব্রাজিলিয়ানদের ‘হেক্সার’ স্বপ্ন দেখাচ্ছেন ‘রাজমিস্ত্রি’ থিয়াগো
ইগোর থিয়াগো
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার সবার ওপরে আর্লিং হালান্ড, যেটা খুবই স্বাভাবিক। গোলের পর গোল করে তাক লাগিয়ে দেওয়ার কাজটা নিয়মিত করে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এর পরের নামটাই চমকে যাওয়ার মতো! ইগোর থিয়াগো। ব্রাজিলিয়ান এক তরুণ, ব্রেন্টফোর্ডে যিনি এবার নতুন করে চেনাচ্ছেন নিজেকে।
হালান্ডের পিছু পিছু ছুটছেন গোল করে। উড়ন্ত ছন্দে থেকে বিশ্বকাপের আগে তাই ব্রাজিলিয়ানদের হেক্সা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন থিয়াগো।
ইংলিশ লিগে ২২ গোল করে সবার ওপরে হালান্ড। থিয়াগোও কম যাননি, ব্রেন্টফোর্ডের মতো দলে খেলে করেছেন ২১ গোল।
গত মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। সেদিন ১৯ মিনিট মাঠে ছিলেন। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি নেমেই পেয়ে যান জালের দেখা। দুই দিন আগে এভারটনের বিপক্ষে ২-২ গোলের ম্যাচে জোড়া গোল ছিল থিয়াগোর।
প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইংলিশ লিগে এক মৌসুমে ২০টির বেশির গোল করার কীর্তি গড়েছেন। এতটুকু নিশ্চিত যে কার্লো আনচেলোত্তির বিশ্বকাপ দলে থাকছেন তিনিও। থিয়াগোকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন ব্রেন্টফোর্ড কোচ কেইথ অ্যান্ড্রেওস, ‘সে অসাধারণ। স্ট্রাইকার হিসেবে কিভাবে খেলতে হয়, সেটা সে জানে। জাতীয় দলে খেলার স্বপ্নও পূরণ হয়েছে তার।
প্রতিপক্ষের বক্সে সে দারুণ একজন খেলোয়াড়।’
মাত্র ১৩ বছর বয়সে বাবা হারান থিয়াগো। পরিবারের খরচ চালাতে কখনো রাজমিস্ত্রি আবার কখনো রাস্তায় ফেরিওয়ালার কাজ করতে হয়েছে তাঁকে। পেশাদার ফুটবল শুরু পরও বারবার চোট তাঁকে টেনে ধরেছে। তবে পথ হারাননি তিনি। জীবনের কঠিন বাস্তবতার দিন পেরিয়ে থিয়াগো এখন স্বপ্ন দেখাচ্ছেন সেলেসাওদের। আগামী জুনে বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম আস্থার নাম হতে পারেন একসময় রাজমিস্ত্রির কাজ করা ইগোর থিয়াগো।