গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলে জীবিত উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলে জীবিত উদ্ধার

সংগৃহীত ছবি

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুইদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকালে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই ‘এফবি মা-২’ নামে একটি মাছ ধরার ট্রলার ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। গত ১৩ জুলাই ট্রলারটির ইঞ্জিন বিকল হলে সেটি সাগরে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

দুইদিন পর বুধবার সকাল ১০টার দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানান। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া ট্রলারসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।