‘গ্রিন বাউ, ক্লিন বাউ’র নেতৃত্বে আরিফুল-কৌশিক
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে নতুন সংগঠন ‘গ্রিন বাউ, ক্লিন বাউ’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। কমিটিতে সভাপতি হিসেবে মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুর রহমান কৌশিক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।
সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হককে বিশেষ উপদেষ্টা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপদেষ্টা হিসেবে রয়েছেন।
সংগঠনটির সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রাকিব হাসান মুবিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহম্মদ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌসী জান্নাত, অনুষ্ঠান সম্পাদক তাজিন খন্দকার, প্রচার সম্পাদক অনিক হাওলাদার, ফটো-মিডিয়া তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মায়েশা জান্নাত অনন্যা, অর্থ বিষয়ক সম্পাদক রাদ্ধিনা খাতুন মুগ্ধ এবং পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোলায়মান অপি।
এ ছাড়াও ২১ জন শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সবুজ ও পরিচ্ছন্ন বাকৃবি ক্যাম্পাস গড়ে তোলা। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা বাড়াতে চাই এবং নিয়মিত কর্মসূচির মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করব।’