বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রী নিহত

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রী নিহত

প্রতিকি ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. নাজমুল (২৭) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের খালাত ভাই জয়নাল আবেদীন বলেন, আমার ভাই নির্মাণাধীন ওই ভবনে রডমিস্ত্রির কাজ করতেন। আজ দুপুরের দিকে অসাবধানতা বসত ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।