কামারজানীতে পান্তা-ইলিশ, বাউল গান ও গ্রামীণ খেলায় বর্ষবরণ

কামারজানীতে পান্তা-ইলিশ, বাউল গান ও গ্রামীণ খেলায় বর্ষবরণ

সংগৃহীত ছবি

উত্তরের জনপদ গাইবান্ধার কামারজানীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে বর্ণিল আয়োজনে। পান্তা-ইলিশ, বাউল ও জারি গানের সুর আর গ্রামীণ খেলাধুলার প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের অংশগ্রহণে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে আয়োজন করা হয় পান্তা-ইলিশে আপ্যায়ন। যা উৎসবে আগত মানুষের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।

দিনভর অনুষ্ঠানে ছিল নানা গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এসব খেলায়। পাশাপাশি বাউল ও জারি গানের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লোকজ সংস্কৃতির এ ধারাবাহিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের আয়োজন করে ‘ব্রাদারহুড অব কামারজানী’। সংগঠনটির সভাপতি নওশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও উৎসবে বিপুল মানুষের সমাগম ঘটে।

দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে রাতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান।