আদিতমারিতে ২১ মামলার আসামি গ্রেফতার

আদিতমারিতে ২১ মামলার আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকের সম্রাট হিসেবে পরিচিত ২১টি মামলায় পলাতক আসামি মিজানুর রহমান মিজানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

১৩ এপ্রিল ভোরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকার মৃত হোসেন আলীর ছেলে। 

পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মিজান দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানসহ নানান অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। যার মধ্যে ২টিতে ওয়ারেন্ট জারি করেছেন আদালত। গ্রেফতার এড়াতে মিজান লালমনিরহাট শহরের মিশন মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করে অপরাধ চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় আদিতমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মিজানকে আদালতে পাঠানো হয়েছে। তার নামে থানায় চুরি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ২১টি মামলা রয়েছে। যার মধ্যে ১৫টি মামলা মাদক আইনে।