ইউরোপে ফুরিয়ে যাচ্ছে জেট ফুয়েল, মজুত আছে মাত্র ছয় সপ্তাহের
ছবি: এএফপি
ইউরোপে উড়োজাহাজ চলাচলের জন্য জেট ফুয়েলের মজুত ‘ছয় সপ্তাহের মতো’ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল।বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহ অব্যাহতভাবে বাধাগ্রস্ত হলে খুব শিগগির ফ্লাইট বাতিল শুরু হতে পারে।
বিরল বলেন, হরমুজ প্রণালির কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছি, যার বৈশ্বিক প্রভাব পড়বে।
তিনি বলেন, এই সংকট বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর এর প্রভাব ততই খারাপ হবে। এই সংকটের প্রভাব হিসেবে পেট্রোলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বৃদ্ধি ঘটবে বলেও সতর্ক করেন আইইএ প্রধান।