কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন আরও ৩৬ শিশু রোগী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, সকালে সংকটাপন্ন অবস্থায় শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিলো। পরে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে। গত ১৮ মার্চ থেকে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা ৭জন শিশু ভর্তি চিকিৎসার জন্য ভর্তি হয়। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩১২জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৯৫জন শিশু রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আইসিইউ না থাকায় এই পর্যন্ত ৪ জন শিশুকে উন্নত চিতিৎসার জন্য অন্য হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।