ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি

ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি

ছবিঃ সংগৃহীত।

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপারাই পাহাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন পর্যটক। শুক্রবার কেরালা থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান পাহাড়ি রাস্তার একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে।  

এই ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, কোয়েম্বাটোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, কেরালার মালাপ্পুরম জেলা থেকে আসা ১৩ জন যাত্রী নিয়ে ভ্যানটি ভালপারাই-পোল্লাচি পাহাড়ি রাস্তা দিয়ে নামছিল। পথে ১৩ নম্বর হেয়ারপিন বাঁকের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সুরক্ষা প্রাচীরে ধাক্কা দিয়ে সোজা গভীর খাদে গড়িয়ে পড়ে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, পাহাড়ের নিচে পড়ে ভ্যানটি দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ভালপারাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই সাতজন নারী ও একজন পুরুষসহ মোট আটজনের মৃত্যু হয়। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষকরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, যারা শিক্ষাসফরে ভালপারাই গিয়েছিলেন এবং ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। খাদ থেকে দেহগুলো উদ্ধার করার পাশাপাশি আহতদের দ্রুত পোল্লাচি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কোয়েম্বাটোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চালকের বর্তমান অবস্থা এবং তিনি বেঁচে আছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় বর্তমানে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।