সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ : প্রবাসী কল্যাণমন্ত্রী

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ : প্রবাসী কল্যাণমন্ত্রী

সংগৃহীত ছবি

 সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরো প্রসারিত হবে। জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ করতে আমাদের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু সাধারণ শ্রমিক হিসেবে নয়, প্রশিক্ষিত ও দক্ষ কর্মী হিসেবেই বিদেশে যেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এসময় সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, জেলা পরিষদের এই ক্ষুদ্র প্রয়াস প্রান্তিক মানুষের অভাব দূর করতে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের সুযোগ-সুবিধার সুফল পায়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ও প্রশাসনিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম, বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুদান পেয়ে উপস্থিত সাধারণ মানুষ জেলা পরিষদের এই উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।