কুমিল্লায় তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৩
প্রতিকি ছবি
কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে স্বামীর কাছে থেকে গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- উপজেলার ওপারের গ্রামের মো. সিয়াম (২১), মো. রিফাত (২২) ও শরীফ মিয়া (২০)। তারা সবাই উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে সহায়তার কথা স্বীকার করেছে। তারা পুলিশকে জানিয়েছে, ঘটনার সময় মোট সাতজন ছিল।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর রহমানের (২৪) নেতৃত্বে ৬-৭ জন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে।
অভিযুক্তরা অটোরিকশাটিকে ছিনাইয়া মোড় থেকে একটি নির্জন ইটের রাস্তার ওপর নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে। বাকিরা তার স্বামী ও অটোচালককে মারধর করে দূরে সরিয়ে দেয়। এই সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, মামলা দায়েরের পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নামে। তিন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহিদ উল্লাহ জানিয়েছেন, ভুক্তভোগী স্বাভাবিকভাবেই হাসপাতালে এসেছিলেন। তাকে ভুক্তভোগীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।