গাইবান্ধায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ
সংগৃহীত ছবি
গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী জনমত গঠনে এসময় এলাকাবাসীর কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের চারমাথা এলাকায় সচেতন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ স্লোগানে এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাব অংশ নেন।
বক্তারা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেইসঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও হান্নান সরকার মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, যুব সমাজের পক্ষে মেহেদী হাসান মারুফ, বল্লমঝাড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রুহুল আমিন রঞ্জু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মিয়া, শিক্ষক ফরহাদ হোসেন, প্রভাষক জাহিদ হাসান সাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।