মেহেরপুরে ডিলার পর্যায়ে ডিজেল বিক্রিতে চাষিদের মাঝে স্বস্তি
সংগৃহীত ছবি
মেহেরপুর জেলায় ফিলিং স্টেশনের পাশাপাশি ডিলার পয়েন্টগুলোতে ডিজেল বিক্রি শুরু হয়েছে। এতে চাষিদের মাঝে স্বস্তি এসেছে পাশাপাশি ডিলার পয়েন্টগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন চাষিরা। শনিবার থেকে মেহেরপুর জেলার ১৭টি ডিলার পয়েন্টের বেশিরভাগ পয়েন্টে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।
পদ্ম, মেঘনা ও যমুনা থেকে স্বল্প পরিমাণে ডিজেল পাচ্ছেন ডিলাররা। যা সরাসরি চাষিদের জন্য সরবরাহ করা হচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ডিলার পয়েন্টগুলো থেকে আশেপাশের এলাকার চাষিরা ডিজেল সংগ্রহ করছেন।
এর আগে, ফুয়েল স্টেশনে গিয়ে ডিজেল সংগ্রহে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে চাষিদের। গভীর রাত থেকে সকাল পর্যন্ত পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও অনেক সময় ডিজেল না পেয়ে নিরাশ হয়ে চাষিদের ফিরে যেতে হতো। কিন্তু গ্রামের ডিলার পয়েন্টের মাধ্যমে তেল দেওয়ায় কম ভোগান্তিতে সহজেই ডিজেল পাওয়ায় চাষীরা খুশি। প্রাথমিকভাবে ইঞ্জিন প্রতি ৫ লিটার করে দেওয়া হচ্ছে।
চাষি গোলাম রসুল জানান, ফিলিং স্টেশনগুলোতে দিনের পর দিন লাইন দিয়েও ডিজেল মিলছে না। বিভিন্ন প্রকার যানবাহন মালিকরা দাপট দেখিয়ে ডিজেল নিয়ে যাচ্ছে। এতে চাষিরা হয়ে পড়েছেন অসহায়। তাই ডিলার পয়েন্টগুলো সহজ পদ্ধতিতে তেল দেওয়ায় চাষিদের জন্য সুবিধাজনক।
মেহেরপুরের ডিলার ফিয়াজ উদ্দিন বলেন, চাহিদার তুলনায় অনেক কম পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে ডিপো থেকে। পর্যাপ্ত ডিজেল সরবরাহ করা হলে চাষিদের সমস্যা মিটে যাবে বলে আশা করছেন ডিলাররা।
জ্বালানি তেল মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, জেলার ফিলিং স্টেশনের পাশাপাশি ১টি প্যাকড পয়েন্ট ও ১৬ জন ডিলার রয়েছেন। যাদের মাধ্যমে আগের মতো জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। গেল বছরের সরবরাহ অনুযায়ী এবারও তেল সরবরাহ পাওয়া যাবে।