চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১

চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার একটি বাসার পার্কিং থেকে প্রাইভেটকার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গ্রেফতার মো. ইব্রাহিম (৪০) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, গত ১৬ এপ্রিল ভোরে বাসার পার্কিং এলাকা থেকে একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান জানান, অভিযান চালিয়ে পূর্ব নাসিরাবাদ থেকে চুরি হওয়া গাড়িসহ মো. ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাড়িটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।  

হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।