বরিশালে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, জরিমানা
ফাইল ছবি
বরিশালের গৌরনদীতে ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করা ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জরিমানা করেন।
জরিমানা দেওয়া ব্যবসায়ী হলেন উপজেলার সরিকল বাজারের মেসার্স রহমান ইলেকট্রনিক্সের আব্দুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মেহেদি হাসান জানান, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স দোকানে কোন লাইসেন্স না নিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করে আব্দুর রহমান। বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা জানতে পারে। তখন তারা গোয়েন্দা নজরদারী শুরু করেন।
শনিবার বরিশাল নগরীর পোর্ট রোডের খান এন্টারপ্রাইজের নামে মেঘনা অয়েল ডিপো থেকে ২৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার পেট্রোল ও ২০০ লিটার অকটেন সংগ্রহ করে। পরে ওই জ্বালানি তেল তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসে। এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তখন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জ্বালানি তেল ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি তদারকির জন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়।