রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

সংগৃহীত ছবি

রংপুর নগরীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৪০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

তিনি কেল্লাবন্দ এলাকায় স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে শাপলা আদর্শপাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে জুয়েল হোসেন তার মোটরসাইকেল নিয়ে টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিক্যাল মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে আইডিয়াল মোড় এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেলসহ সড়কের বিপরীত পাশে ছিটকে পড়ে যান।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।