চট্টগ্রামে কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
ফাইল ছবি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সালকে (৩৪) ট্রাকচাপায় হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ফয়সাল ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, ফয়সাল নিহত হওয়ার ঘটনায় তার মা পারভিন আক্তার বাদী হয়ে রবিবার সকালে হাটহাজারী থানায় মামলা করেছেন। মামলায় ট্রাকচালক জুয়েলকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে ট্রাকটি জব্দ করেছে। অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছেন। নিহত ফয়সালের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বরাতে পুলিশ জানিয়েছে, নিহত ফয়সাল প্রতিবেশী ট্রাকচালক মোহাম্মদ জুয়েলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার রাতে টাকা চাইতে গেলে ফয়সালকে সড়কে ট্রাকচাপা দেন জুয়েল। এতে ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।