চুয়াডাঙ্গায় এক লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

চুয়াডাঙ্গায় এক লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

সংগৃহীত ছবি

এক লাখ শিশুকে হাম-রুবেলার টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল (সোমবার) থেকে ১০ মে (রবিবার) পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন চলবে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ আজ রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার চারটি উপজেলা ও চারটি পৌর এলাকার ৮টি স্থায়ী কেন্দ্রসহ ৯৮০টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৩০৫ শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন সফল করতে ২৯০ কর্মীর সাথে এক হাজার ৯৫৮ স্বেচ্ছাসেবী কাজ করবে। তিন সপ্তাহব্যাপি এ ক্যাম্পেইনে ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে এনে টিকা গ্রহণ করতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫ পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. খন্দকার ইমরান হাফিজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম।