তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময়ের মধ্যে সব ধরনের গণজমায়েত, মিছিল-মিটিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় একই সময়ে বিএনপি’র দুই গ্রুপ পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

এতে সংঘর্ষ, জননিরাপত্তা বিঘ্ন এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হওয়ায় পুলিশের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।

জারিকৃত আদেশ অনুযায়ী, রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় পাঁচজন বা তার বেশি ব্যক্তির একত্রে অবস্থান, সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র যেমন- দা, হাসুয়া, লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি মো. তানবীর আহম্মেদ জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।