বগুড়ায় হাম-রুবেলার ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ২০ এপ্রিল বগুড়ায় হাম-রুবেলা জাতীয় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। তিনি সকালে সড়কপথে বগুড়ায় পৌঁছে দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীস্থ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল-এ এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বগুড়া সিভিল সার্জন অফিস-এর সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর-ই-শাদীদ।
তিনি জানান, প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বগুড়া জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৮৭৩টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে।
আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে টিকাদান কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডা. নূর-ই-শাদীদ বলেন, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশু ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং বর্তমানে ৩২ জন চিকিৎসাধীন রয়েছে।
এর মধ্যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল-এ চিকিৎসা নিচ্ছে ২৭ জন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. একেএম কামরুজ্জামান, জেলা প্রতিনিধি ডা. তারিক মো. রেজা, মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বাপ্পা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।