ট্রেনের সঙ্গে মাছবোঝাই ট্রাকের ধাক্কা, ১০ বগি ক্ষতিগ্রস্ত
সংগৃহীত ছবি
চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ উপজেলার খানহাট রেলওয়ে স্টেশন এলাকায় সরাসরি কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সঙ্গে রেললাইনের পাশ ঘেঁষে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনটির বগির অন্তত ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চন্দনাইশের খানহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশ ঘেঁষে পার্কিং করা একটি মাছবোঝাই ট্রাকের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
এতে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির দরজা খুলে পড়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রেলওয়ে চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এ ঘটনায় পর্যটন এক্সপ্রেসের ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পারি।
আমরা মাছবোঝাই মিনি ট্রাকটি খুঁজছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।