সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩

সংগৃহীত

সীমান্তঘেঁষা সাতক্ষীরার সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামে টানা দুই দিনে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ও শনিবার (১৮ এপ্রিল) দুদিনের অভিযানে তাদের আটক করা হয়। 

র‍্যাব-৬ গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানটি হয় শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে। ওই সময় হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আ. সামাদ (৪১) ও মো. আনিসুর রহমান (৪০)। এরপর রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় গোপাল চন্দ্র বিশ্বাস (২৮) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৬৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুই দিনের অভিযানে মোট ১ হাজার ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। তারা সবাই হাড়দ্দাহ গ্রামের বাসিন্দা।

এদিকে স্থানীয়দের ভাষ্যমতে, সীমান্তঘেঁষা এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক পাচার ও কারবারির সঙ্গে জড়িত। ধারাবাহিকভাবে বড় পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।