নড়াইলে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

নড়াইলে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

প্রতিকি ছবি

নড়াইলে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে লাভলী বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সকালে মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকালে শহরের মাছিমদিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নাজমুল ইসলাম জানান, তার বোন সকালে ডিজেল আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রাণী বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে ওই নারীর মৃত্যু হয়েছে।