হারানো ৫০ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হারানো ৫০ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ জেলা পুলিশ গত এক মাসে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা প্রায় ৫০টি চোরাই মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, প্রযুক্তির সহায়তায় এবং পুলিশের আন্তরিক প্রচেষ্টায় হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে সাফল্য আসছে।

এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে তিনি ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি বিশেষভাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর নেতৃত্বে পরিচালিত উদ্ধার কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এসময় হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।