নাপোলির সঙ্গে লুকাকুর ভুল বোঝাবুঝির অবসান
সংগৃহীত ছবি
বেলজিয়ামের ফুটবলার রোমেলু লুকাকু এবং তার ক্লাব নাপোলির মধ্যে চলা সমস্যার সমাধান হয়েছে। লুকাকু এখন বেলজিয়ামে বসেই তার চোটের চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন। এর আগে শোনা যাচ্ছিল, লুকাকুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে নাপোলি। কারণ ক্লাবের ধারণা ছিল তিনি ইতালিতে অনুশীলনে ফেরার অনুরোধ উপেক্ষা করেছেন।
৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য এবারের মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি এই মৌসুমে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন। গত ৬ মার্চ তোরিনোর বিপক্ষে শেষবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে চোটের কারণে তিনি নিজের দেশ বেলজিয়ামেই অবস্থান করছিলেন।
সম্প্রতি ইতালির নেপলসে ফিরে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন লুকাকু। নাপোলির স্পোর্টিং ডিরেক্টর জিওভান্নি মান্না এবং লুকাকুর এজেন্টের উপস্থিতিতে এই আলোচনা অত্যন্ত শান্ত ও গঠনমূলক ছিল।
এখন বিষয়টি মিটে গেছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই লুকাকু পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।