সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
প্রতিকী ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭) এবং উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে একে অন্যের আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় পুকুরপাড়ে দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্বজনরা বাড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের এক কোণ থেকে রুমা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাপিয়া আক্তারকে দ্রুত পানি থেকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, একটি পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।