লাকসামে ৫৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ী আটক

লাকসামে ৫৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ী আটক

ফাইল ছবি

লাকসাম উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার ৫২৪ লিটার তেল জব্দ করা হয়েছে। এ সময় আবদুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার যোগড়া পূর্ব ইউনিয়নের হাসনাবাদ বাজারে অবস্থিত ‘মেসার্স জলিল এন্টারপ্রাইজ’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুমিল্লা জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমার নেতৃত্বে এবং লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক আবদুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।