সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

ফাইল ছবি

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং স্বতন্ত্রভাবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বিকেল পৌনে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ বিকেল ৪টায় সময় শেষ হওয়া পর্যন্ত আমরা বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি।

তিনি আরও বলেন, এর বাইরে আমরা তিনজনের মনোনয়নপত্র পেয়েছি। তারা হলেন-শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, তারা নিজেদের মতো করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি বলেন, কমিশনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার আগামী ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা ও ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন।

প্রার্থীদের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ২৬ এপ্রিল এবং কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।