দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
ফাইল ছবি
দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী শাকিল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ একজনকে আটক করেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভবাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা বিকেল ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
নিহত শাকিল (১৮) দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী শাকিল ক্লাস শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
কোতোয়ালি থানার ওসি নুর নবী জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ এবং মামলা দায়েরের মাধ্যমে ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।