রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
প্রতিকি ছবি
রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবারক হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ধুমুরিয়া গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে। বর্তমানে তিনি পূর্ব বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকায় বসবাস করতেন।
মৃতের ভাগ্নে সুমন ইসলাম জানান, তার মামা মাদকাসক্ত ছিলেন এবং বর্তমানে কোনো কাজ করতেন না। তিনি আগে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
তার পরিবার গ্রামের বাড়িতে থাকেন। প্রায় দেড় মাস আগে তিনি ঢাকায় আসেন এবং পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ করতেন না। মাঝে মধ্যে আমাদের বাসায় এসে থাকতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
তিনি আরও জানান, খবর পেয়ে এসে তিনি মামার মরদেহ দেখতে পান। পুলিশের মাধ্যমে জানতে পারেন, বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।