কক্সবাজারে খাল থেকে তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কালিরছড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণের নাম মো. জিহাদ (১৮)। তিনি ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি ঈদগাঁও থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা জিহাদের হাত-পা বেঁধে খালে ফেলে দেয়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।