শিক্ষক বদলি নিয়ে ভার্চুয়াল সভা বুধবার

শিক্ষক বদলি নিয়ে ভার্চুয়াল সভা বুধবার

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল সভা আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নীতিমালার আলোকে কারিগরি সহায়তায় শিক্ষক-কর্মচারীদের বদলির জন্য একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।

এই সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং কর্মচারীদের তথ্য সংগ্রহ করা হবে। এ বিষয়ে আগামী বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

সভায় আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (কলেজ), আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা), জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের জুম প্ল্যাটফর্মে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

পাশাপাশি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।