নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ট্রাক, চালক-হেলপারসহ আহত ৪
সংগৃহীত ছবি
কুমিল্লার লাকসাম পৌরসভা কার্যালয়ের অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী রেলক্রসিংয়ে একটি মাল বোঝাই ট্রাক (নং-ঢাকা মেট্রো-ব ১৪-৮৮২১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা এক যাত্রী, ট্রাকচালক ও হেলপারসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় কুমিল্লা অভিমুখী দ্রুতগতির একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর উঠে গেলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ট্রাকচালক, হেলপার এবং ট্রাকে থাকা আরো দুজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশেই একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের ওপর এই রেলক্রসিংয়ের স্থানে সড়ক ভিভাজকটি স্বল্প পরিসরে হওয়ায় ঠিকভাবে দেখা যায় না।
ফলে এখানে ট্রাক-বাসসহ অন্যান্য যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন না।
একটি সূত্র জানায়, ওই একই স্থানে গত তিন মাসে বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকারসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের একজন সদস্য ও দুর্ঘটনাস্থল সংলগ্ন গ্রীণ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল হাফিজ বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন।
এখানে একটি রেলওয়ের লেভেল ক্রসিং রয়েছে। যা দুর্ঘটনাপ্রবণ এলাকা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, সড়ক ভিভাজকটি যথাযথ সংস্কারসহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটির দুর্ঘটনাস্থল লাকসাম পৌরসভা সংলগ্ন রেলওয়ের লেভেল ক্রসিং এলাকাটিতে সড়ক ভিভাজকটি নিরাপদ করতে এবং জরুরি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।