ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দেউল ডাংরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছর বয়সি মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সি মেয়ে সুরাইয়া আক্তার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একই সাথে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে দেউল ডাংরা গ্রামের আকাশ-বাতাস।