কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি হিসেবে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে লাকসাম থানা পুলিশ পৌরসভার কোমারডোগা এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

পুলিশের খাতায় শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক ২৫, লাকসাম পৌরসভার কোমারডোগা বাশার সর্দার বাড়ীর আবুল বাশার সর্দারের ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়াও লাকসাম থানায় ২টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের সময় সে কাদামাটি মাড়িয়ে পালানোর চেষ্টা করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদ আহম্মেদ জানান, শীর্ষ এ মাদক কারবারিকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মাদকদ্রব্য রাখার অপরাধে মোবাইল কোর্ট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

অন্যদিকে একই দিনে উপজেলার বিজরা এলাকায় পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা এলাকার মৃত ফজলুল হকের ছেলে।