গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জোসনা বেগম ৪৫ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মোসলেম উদ্দীন (৫০) কে আটক করা হয়েছে।
নিহত জোসনা বেগম একই গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা বোয়ালমারি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়ির লোকজন জমির কাজে মাঠে ব্যস্ত ছিলেন। পরে স্বামী মোসলেম উদ্দীন মাঠ থেকে ফিরে স্ত্রীকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ঘরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর কায়েস জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মোসলেম উদ্দীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে চেষ্টা চলছে।