যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালো জাতিসংঘ
আন্তোনিও গুতেরেস
যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি একে উত্তেজনা প্রশমনে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (২২ এপ্রিল) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি মনে করেন, এই সিদ্ধান্ত উত্তেজনা কমাতে সহায়ক হবে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির পরিবেশ সৃষ্টি করতে পারে।
মুখপাত্র আরও বলেন, আমরা সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। একইসঙ্গে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে বলছি, যা অস্ত্রবিরতিকে বাধাগ্রস্ত করতে পারে। একটি টেকসই সমাধানের লক্ষ্যে সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছি।
কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে দুজারিক জানান, পরবর্তী আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে গুতেরেস পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দ্বন্দ্ব নিরসনে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে, যা তার কাছে অপ্রত্যাশিত ছিল না। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন করা হয়েছে, যাতে দেশটির নেতারা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।
এ প্রেক্ষিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং অন্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়া এবং আলোচনা কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।
সূত্র- আল জারিরা, বিবিসি