ক্রিকেট ক্লাবের শেয়ার কিনলেন রিয়াল তারকা বেলিংহাম

ক্রিকেট ক্লাবের শেয়ার কিনলেন রিয়াল তারকা বেলিংহাম

সংগৃহীত ছবি

ফুটবল ছাড়িয়ে এবার ক্রিকেটেও বিনিয়োগ করলেন জুড বেলিংহাম। ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল বার্মিংহাম ফিনিক্সে ১.২ শতাংশ শেয়ার কিনেছেন।

এজবাস্টনভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজিটি গত বছর বিক্রির জন্য তোলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট দলটির ৪৯ শতাংশ শেয়ার প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডে কিনে নেয়।

বাকি ৫১ শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

 

নতুন এই চুক্তিতে উভয় পক্ষ থেকেই ০.৬ শতাংশ করে শেয়ার নিয়ে মোট ১.২ শতাংশ মালিকানা পেয়েছেন বেলিংহাম। ফলে ওয়ারউইকশায়ারের নিয়ন্ত্রণ এখনো বজায় রয়েছে ৫০.৪ শতাংশ।

প্রায় ১০ লাখ পাউন্ড মূল্যের এই চুক্তি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।

 

২২ বছর বয়সী বেলিংহাম ছোটবেলা থেকেই ক্রিকেটপ্রেমী। তিনি উরচেস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে জুনিয়র পর্যায়ে খেলেছেন। এমনকি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সুযোগ পেলে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জায়গা বদল করতে চান।