চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, শ্রমজীবী মানুষের দুর্ভোগ

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, শ্রমজীবী মানুষের দুর্ভোগ

ফাইল ছবি

 

চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, এ তাপমাত্রা মৃদু তাপপ্রবাহের পর্যায়ে পড়ে। সকাল থেকেই রোদের তীব্রতা বাড়তে থাকে এবং দুপুরের পর তা আরও বেশি অনুভূত হয়।

বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি কষ্টদায়ক হয়ে উঠেছে। তীব্র গরমের অনুভূতিতে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা অতিষ্ঠ হয়ে উঠছেন। দুপুরের দিকে খোলা আকাশের নিচে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক ও মাঠে কাজ করা কৃষকরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

ইজিবাইক চালক রবিউল হক বলেন, অসহ্য গরমের কারণে যাত্রী পাওয়া মুশকিল হয়ে পড়ছে। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে আসছে না। ঘরে বসে থেকেও তো লাভ নেই। পেটের তাগিদে উপার্জনের আশায় বাইরে আসতে হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন এ অঞ্চলে তাপমাত্রা একই রকম থাকতে পারে এবং দিনের বেলায় গরমের তীব্রতা আরও বাড়তে পারে।