তাপদাহে পুড়ছে রংপুর, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

তাপদাহে পুড়ছে রংপুর, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

ফাইল ছবি

 

 

কয়েকদিনের বৃষ্টিপাতের পর আবারও তাপদাহে পুড়ছে রংপুর অঞ্চল। তপ্ত রোদে জনজীবন হয়ে উঠেছে স্থবির। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। সড়কগুলোও প্রায় ফাঁকা দেখা গেছে।

এদিকে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং পরিস্থিতিকে আরও ভোগান্তিময় করে তুলেছে। নেসকো সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে বিদ্যুতের চাহিদা প্রতিদিন সাড়ে ৮০০ থেকে ৯০০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৭০০ মেগাওয়াট। ফলে প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে।

বিদ্যুতের এই আসা-যাওয়ার কারণে গরমে মানুষের দুর্ভোগ বেড়েছে।

হাসপাতালের রোগীরা পড়েছেন চরম বিপাকে। একইসঙ্গে এসএসসি পরীক্ষার্থীরাও পড়াশোনায় ব্যাঘাতের শিকার হচ্ছে।

বুধবার দুপুর ৩টায় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, পথচারী ও যানবাহন কম থাকায় অনেক জায়গা খাঁ খাঁ করছে।

অস্বাভাবিক আবহাওয়ার প্রভাবে জ্বর, সর্দি-কাশিসহ নানা রোগও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, শিগগিরই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপদাহ কিছুটা কমাতে পারে।