কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার তিন
সংগৃহীত ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জিয়াউর রহমান টিপু (৩২), মো. বিল্লাল হোসেন সাব্বির (৪৭) ও মো. খোকন (৫৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, শুভাঢ্যা ইউনিয়নের শুভাঢ্যা উত্তরপারা এলাকায় কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে শুভাঢ্যা উত্তরপাড়া খান বাড়ি মসজিদ রোডে মিজানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা অস্ত্রটি অবৈধ এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।