অপবাদ দিয়ে চুল কেটে পুত্রবধূকে নির্যাতন, শাশুড়ি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মাগুরার শালিখায় পুত্রবধূকে অপবাদ দিয়ে চুল কেটে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে নির্যাতিত ওই তরুণী কৌশলে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।
জানা গেছে, শালিখা উপজেলার ২নং তালখড়ী ইউনিয়নের দিঘলগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা মিম (২০) সঙ্গে প্রায় এক মাস আগে সাত্তর মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাত্তর মন্ডল কর্মসূত্রে মাদারীপুরের একটি ইটভাটায় অবস্থান করছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মিমের বিরুদ্ধে কথিত এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করার অপবাদ তোলেন তার শ্বশুরবাড়ির লোকজন। এ অভিযোগে তার শ্বশুর সামসুল মন্ডল, ভাসুর উজ্জল গাফ্ফার ও শাশুড়ি রোকেয়া জোরপূর্বক তাকে বাড়িতে নিয়ে যান। পরে তারা পুত্রবধূ মিমের মাথার চুল কেটে দেন এবং মারধর করে একটি ঘরে আটকে রাখেন।
পরদিন বুধবার দুপুর ১টার দিকে সুযোগ পেয়ে মিম ঘর থেকে বের হয়ে স্থানীয়দের কাছে বিষয়টি জানালে বিষয় জানা জানি হয়। এ সময় স্থানীয়রা পুলিশ ও বাবার বাড়িড় লোকজনের খবর দেন।
খবর পেয়ে আহত অবস্থায় মিমকে উদ্ধার করে তার স্বজনরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতনের শিকার মিম বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্ত শাশুড়ি রোকেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযুক্ত অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।