কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব
ছবি: সংগৃহীত
বয়স কিংবা চলনে বলনে এখনো কৈশোরের ছাপ স্পষ্ট থাকলেও এরই মধ্যে পেশাদার ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী। তার ব্যাট থেকে নিস্তার মিলছে না স্বয়ং জাসপ্রিত বুমরাহদেরও! ক্রিকেটের বাইশগজে লাইমলাইট কেড়ে নিয়েছেন ইতোমধ্যেই। আগামীর বড় তারকা ভাবা হচ্ছে ভারতীয় এই উদীয়মান ব্যাটারকে।
বড়দের সঙ্গে চোখে চোখ রেখে খেলেন ঠিকই। কিন্তু মনের দিক থেকে বৈভব সূর্যবংশী এখনও সেই কিশোরই। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচ খেলতে নামার আগে নিয়মিত কার্টুন দেখেন। কমিক দুনিয়ার বিভিন্ন চরিত্রে বুঁদ হয়ে থাকেন। বুধবার লখনৌকে হারানোর পর রাজস্থানের এই ব্যাটার এমনটাই জানিয়েছেন।
মাঠে নেমে শুরু থেকে আগ্রাসী শট খেললেও তার আগে নিজেকে শান্ত রাখেন বৈভব। এ ব্যাপারে তাকে সাহায্য করে কার্টুন। ম্যাচের পর ‘স্টার স্পোর্টস’-এ বৈভব বলেন, “আমার মন খুব স্বচ্ছ থাকে। প্রতিটি ম্যাচের আগে আমি কার্টুন দেখি। আজও (গতকাল) দেখেছি। এটা অভ্যাস হয়ে গিয়েছে। তবে ম্যাচের দিকেও আমার মনোযোগ থাকে।”
উল্লেখ্য, লখনৌ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান ছিল ৪৯৮। এ দিন ২ রান করে মাইলফলক স্পর্শ করে বৈভব। আইপিএলে ৫০০ রান করতে বৈভব খেলেছে ২২৭ বল। তাতেই তৈরি হয়েছে ইতিহাস। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ২৫০টির কম বল খেলে ৫০০ রান পূর্ণ করলেন তিনি।
বৈভবের আগে আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান করার নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ২৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। তার রেকর্ড ভেঙে দিলো বৈভব। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন পাঞ্জাব কিংসের প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্র শেবাগ। তারা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮০টি বল খেলে। তালিকায় পঞ্চম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের নমন ধীর। তিনি আইপিএলে ৫০০ রান পূর্ণ করেন ২৮৩ বল খেলে।